সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসাসেবার সার্বিক মান উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আশরাফুল ইসলাম সোহাগ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হাসপাতালের মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন।
তত্ত্বাবধায়ক ডা. আশরাফুল ইসলাম সোহাগ বলেন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ জেলার বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় হাওরবেষ্টিত সুনামগঞ্জের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনি বলেন, ১০০ শয্যার জনবল কাঠামো দিয়ে বর্তমানে ২৫০ শয্যার হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে প্রতিদিন প্রায় ৯০০ রোগীকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে। চিকিৎসক ও নার্সসহ জনবল সংকট এবং নানা সীমাবদ্ধতার মধ্যেও হাসপাতালের সেবাকার্যক্রম চালু রয়েছে।
তত্ত্বাবধায়ক আরও বলেন, নানা সংকটের মধ্যেও স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখায় সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল দেশের হাসপাতালগুলোর মধ্যে অষ্টম স্থান অর্জন করেছে।
সভায় হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে জেলার সংসদ সদস্যসহ পাঁচ সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম, ডা. বিষ্ণু প্রসাদ চন্দ ও ডা. জহর লাল দাস শিপলু বক্তব্য দেন।
এ সময় গণমাধ্যমকর্মীরা হাসপাতালের চিকিৎসাসেবার বিভিন্ন দিক, জনবল সংকটসহ নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সেবার মান উন্নয়নে তাদের মতামত প্রদান করেন।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম ও সেবার বিভিন্ন দিক নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার নিশাত তাসনীম।