সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রাংপানি নদী থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৭৩টি বার্কি নৌকা ধ্বংস করা হয়েছে। এসব নৌকার আনুমানিক মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার রাংপানি নদী ও শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে জৈন্তাপুর মডেল থানা, আনসার ও বিজিবির শ্রীপুর বিওপি ও মিনাটিলা বিওপির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অভিযানকালে রাংপানি নদীর আদর্শগ্রাম ঘাটে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫২০ ঘনফুট বালু এবং শ্রীপুর পাথর কোয়ারিতে অবৈধভাবে মজুত করা ৬ হাজার ৯৬৬ ঘনফুট বালু স্পট নিলামে দেওয়া হয়। মোট ৮ হাজার ৪৮৬ ঘনফুট বালু স্পট নিলামে বিক্রি করে ১ লাখ ৪২ হাজার ১০৮ টাকা রাজস্ব আদায় করা হয়। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট বাবদ ২১ হাজার ৩১৬ টাকা এবং ১০ শতাংশ আয়কর বাবদ ১৪ হাজার ২১০ টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এদিকে, রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত সকল স্থাপনা ও কার্যক্রম আগামী এক দিনের মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
রাংপানি নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বার্কি শ্রমিক ও পরিবহন শ্রমিকদের নিয়ে আগামী শনিবার বিকেল ৪টায় একটি মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।