সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ে সেবাগ্রহীতা মা ও সাধারণ মানুষের সুবিধার্থে ব্রেস্ট ফিডিং রুম ও ওয়েটিং রুম উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে কক্ষ দুটি উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের পরিকল্পনা ও বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া দায়িত্ব। উপজেলা প্রশাসন কার্যালয়ে ব্রেস্ট ফিডিং রুম ও ওয়েটিং রুম চালুর ফলে সেবা নিতে আসা মা ও শিশুরা উপকৃত হবেন। একই সঙ্গে সাধারণ মানুষও অপেক্ষা করার জন্য নির্ধারিত স্থান পাবেন। জনকল্যাণে এ ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, উপজেলা প্রশাসন কার্যালয়ে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে অনেক মানুষ সেবা নিতে আসেন। তাঁদের মধ্যে শিশুদের নিয়ে আসা মায়েদের সুবিধার কথা বিবেচনা করে ব্রেস্ট ফিডিং রুম এবং সেবাগ্রহীতাদের অপেক্ষার জন্য ওয়েটিং রুমের ব্যবস্থা করা হয়েছে। সরকারি সেবা নিতে এসে কেউ যেন অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। সেবাগ্রহীতাদের জন্য আরও স্বস্তিদায়ক ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
ব্রেস্ট ফিডিং রুম চালুর ফলে মায়েরা নির্ধারিত স্থানে স্বাচ্ছন্দ্যে শিশুদের বুকের দুধ পান করাতে পারবেন। অন্যদিকে, ওয়েটিং রুমে সেবাগ্রহীতারা অপেক্ষা করার সুবিধা পাবেন। এ উদ্যোগের মাধ্যমে উপজেলা প্রশাসন কার্যালয়ে সেবা নিতে আসা নারী, শিশু ও সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।