সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মনরতল বাজার থেকে বাড়ি ফেরার পথে গোরাগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত বদরুল আলম রুস্তমপুর ইউনিয়নের হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পদপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।
হামলার সময় বদরুলের সঙ্গে থাকা সাদেক হোসেন জানান, তারা মনরতল বাজার থেকে ৩০ লাখ টাকা নিয়ে হাদারপার গ্রামের দিকে যাচ্ছিলেন। গোরাগ্রাম এলাকায় পৌঁছালে কয়েকজন তাদের পথরোধ করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা বাধা দিলে দা, চাকু, ছুলফিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।
সাদেক হোসেন হামলা থেকে কোনোমতে প্রাণে বাঁচলেও বদরুল আলম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে গোরাগ্রাম গ্রামের শাহীনুর রহমান, মামুন আহমদ, আমিনুর রশিদ, তুহিন আহমদ, সুহিন আহমদ এবং উপরগ্রাম গ্রামের নোমান আহমদের নাম উল্লেখ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।