সুনামগঞ্জের তাহিরপুরে চার গ্রামের মানুষের মধ্যে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি থামাতে মধ্যস্থতায় এগিয়ে এসেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন। এ সময় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে বুধবার (৭ অক্টোবর) তাহিরপুর উপজেলার মধ্য তাহিরপুর এলাকায় ক্রিকেট খেলার বল ইজিবাইকে লাগাকে কেন্দ্র করে কয়েকদিনের বিরোধের জেরে চার গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নারী-পুরুষসহ বহু মানুষ আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মানুষের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
তিনি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করে স্থানীয়দের আশ্বস্ত করেন এবং বিরোধ যেন আর সংঘর্ষে রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এদিকে সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।