আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জের শাল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে করণীয় নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাদক বিক্রি, সরবরাহ ও সেবন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেন, “দুর্গাপূজা সবার উৎসব।” শাল্লায় শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন মাদক, বিশৃঙ্খলা কিংবা অপতৎপরতার মাধ্যমে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে।
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও পিয়াস চন্দ্র দাস বলেন, দুর্গোৎসবকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ও যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, জাকির হোসেন ও আবদুল করিম, সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানি চৌধুরী, থানা পুলিশের প্রতিনিধি এসআই শওকত আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক তরুণ কান্তি দাস, সাধারণ সম্পাদক সাংবাদিক জয়ন্ত সেন, দিরাই পৌরসভার মেয়র প্রার্থী সাংবাদিক রুদ্র মিজান, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী এবং শাসখাই পঞ্চগ্রাম পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র দাস (মেম্বার) প্রমুখ।
সভায় বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, যানবাহন চলাচল, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।