‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবীবের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান ও মৎস্য কর্মকর্তা কামরুল হাসান।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কৃষি, শিক্ষা, শিল্প ও সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বাড়ানো, প্রযুক্তির ব্যবহার এবং সম্পদের সর্বোচ্চ কার্যকর ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।