শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সারাদেশ

বসুন্ধরাবাসীর সেবায় নতুন কার্যালয়, চালু একাধিক জরুরি সেবা

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের সেবা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে নতুন কার্যালয় চালু করেছে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়।

নতুন কার্যালয়ের মাধ্যমে সোসাইটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও অভিযোগের বিষয়ে দ্রুত সাড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সোসাইটির সভাপতি ও সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সোসাইটি বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে অ্যাম্বুল্যান্স সেবা চালু করা হয়েছে। তুলনামূলক কম খরচে বাসিন্দারা এ সেবা নিতে পারবেন।

তিনি বলেন, জরুরি প্রয়োজনে ওষুধ সংগ্রহে বাসিন্দাদের ভোগান্তি কমাতে বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। জরুরি নম্বরে যোগাযোগ করলে প্রয়োজনীয় ওষুধ দ্রুত পৌঁছে দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে এ সেবা কার্যকর হবে।

সোসাইটির মহাসচিব ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, বাসিন্দাদের কল্যাণ ও সেবার মান উন্নয়নই সোসাইটির অন্যতম প্রধান লক্ষ্য। নতুন কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন অভিযোগ ও সেবাসংক্রান্ত বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, অ্যাম্বুল্যান্সের পাশাপাশি ২৪ ঘণ্টা জরুরি ওষুধ ডেলিভারি এবং ইউটিলিটি সেবার আওতায় প্লাম্বিং ও ইলেকট্রিশিয়ান সেবা চালু করা হয়েছে। এসব সেবা সহজে পেতে একটি কল সেন্টারও চালু করা হয়েছে।

শেখ এহসান রেজা আরও বলেন, ভবিষ্যতে সোসাইটির সব সেবা ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর ফলে বাসিন্দারা ঘরে বসেই অনলাইনে প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।

অনুষ্ঠানে সোসাইটির নির্বাহী সহসভাপতি কাজী দিদার আহম্মেদ, অর্থ সম্পাদক ইমরুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কার্যালয়কে কেন্দ্র করে বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের সেবাদান কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল করা হবে। একই সঙ্গে বাসিন্দাদের অভিযোগ দ্রুত গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো