জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তি সহজতর ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ আরও কার্যকর করতে সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদে বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ চালু করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের নিচতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন কক্ষটির উদ্বোধন করেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উদ্বোধনকালে এমরান আহমদ চৌধুরী বলেন, বিয়ানীবাজারের তৃণমূল মানুষের সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা দায়বদ্ধ। পরিদর্শন কক্ষ চালুর ফলে সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয়ে সরাসরি সংসদ সদস্যের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এটি স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।
এর আগে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তারা অংশ নেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সড়ক যোগাযোগ, শিক্ষা, যানজটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, কোনো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অন্যায় করা যাবে না। জনগণকে কষ্ট দেওয়া বা জনগণের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না।
সড়ক যোগাযোগ উন্নয়নের বিষয়ে তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়নে বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। কুশিয়ারা নদীর ওপর শিকপুর-বহরগ্রাম সেতু নির্মিত হলে সিলেটের সঙ্গে বিয়ানীবাজারের দূরত্ব ও যাতায়াতের সময় অনেক কমে আসবে।
প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার কাজ করছে। দেশের উন্নয়নে প্রবাসীরা যাতে বিনিয়োগ করতে পারেন, সে পরিবেশ তৈরিতে সরকার কাজ করবে।
সভায় তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন।ৃ