সুনামগঞ্জের ধর্মপাশায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মাহাবুব আবদুল্লাহ সায়েম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খয়েরদিরচর গ্রামের উত্তরপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সায়েম ওই গ্রামের জুয়েল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির আশপাশে খেলছিল শিশু সায়েম। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানি থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।