মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর ও প্রবাসী অধ্যুষিত ভূকশিমইল ইউনিয়নের দেশি-প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সেবামূলক সংগঠন ‘ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইল ইউনিয়ন’-এর ১৪৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দেশ ও প্রবাসীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার লক্ষ্যে দুই বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে রেজাউল করিম রেনু সভাপতি, আলহাজ মো. আলিম উদ্দিন সাধারণ সম্পাদক এবং শাহ মোহাম্মদ আমির উদ্দিন সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।
কমিটিতে যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা ফরিদ উদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা, সেলিমুর রেজা চৌধুরী প্রধান পৃষ্ঠপোষক এবং মো. এনামুল ইসলাম প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সিনিয়র উপদেষ্টা হিসেবে রয়েছেন আকমল হোসেন লাল, বদরুল ইসলাম বদই ও কামরুল হাসান সিরাজী।
এ ছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার, দপ্তর, সমাজকল্যাণ, ধর্ম, শিক্ষা, আন্তর্জাতিক, পরিকল্পনা, ক্রীড়া ও সাংস্কৃতিক, তথ্যপ্রযুক্তি এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে। কার্যনির্বাহী সদস্য হিসেবেও ইউনিয়নের দেশি ও প্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের রাখা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সদস্য ও ভূকশিমইল ইউনিয়নের প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন। তারা বলেন, প্রবাসীদের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জুন সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, দরিদ্র মানুষের মধ্যে খাদ্য ও আর্থিক সহায়তা, দরিদ্র মেয়ের বিয়েতে সহযোগিতা, অসুস্থ রোগীদের সহায়তা এবং শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
আগামী ৪ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৯টায় নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মো. শওকতুল ইসলামের। অনুষ্ঠানে ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) সালাউদ্দিনসহ অতিথিরা অংশ নেবেন।