সুনামগঞ্জের ধর্মপাশায় শাহীন কাদির (৪৮) নামে এনসিপির এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ধর্মপাশা সদর ইউনিয়নের ধর্মপাশা এলাকায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহীন কাদির ধর্মপাশা উপজেলা এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মৃত লোকমান ওরফে সুনু মিয়ার ছেলে। পাশাপাশি তিনি বিস্কুটের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শাহীন কাদির দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পারিবারিক জীবনে তিনি দুইবার বিয়ে করলেও পরবর্তীতে একা বসবাস করতেন। এছাড়া তিনি আর্থিক ঋণগ্রস্ত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পরিবারের লোকজন তার কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ধর্মপাশা থানার কিলোপার্টির ডিউটিতে থাকা এসআই (নিঃ) রফিকসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এ ঘটনায় বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।