সিলেটের কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৪২ বোতল বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
বৃহস্পতিবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার ধলাই ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—গাজীপুরের শ্রীপুর উপজেলার ফারহান আহমেদ (২১), ভোলার উত্তর দীঘলদি এলাকার ইমরান শেখ (২৪) এবং মাগুরার শ্রীপুর উপজেলার খাদিজা হোসেন (১৮)।
এসআরবি-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কোম্পানীগঞ্জের সাদা পাথর এলাকা থেকে একটি অটোরিক্সাযোগে মাদকের একটি চালান বাজারে নেওয়া হচ্ছে। এই তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে মেসার্স ধলাই ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিক্সা থেকে নেমে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা তিনটি স্কুল ব্যাগ ও দুটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এ বিষয়ে এসআরবি-৯ এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।