মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের বিলে মাছ ধরার জালে আটকে পড়া একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয়দের দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় জাল কেটে সাপটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করা সম্ভব হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের 'উকুলবেড়ির বিল' থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন বুধবার রাত ১০টার দিকে উকুলবেড়ির বিলে পাতা রুমন মিয়ার মাছ ধরার জালে একটি বিশাল অজগর সাপ পেঁচিয়ে আটকে পড়ে। বৃহস্পতিবার সকালে জাল তুলতে গিয়ে রুমন মিয়া বিষয়টি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে খবর দেন।
পরবর্তীতে সাবেক মেম্বার তাহের আলী বিষয়টি 'বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন'-কে জানালে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
উদ্ধার অভিযানের বিষয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, অজগরটি জালে এমনভাবে পেঁচিয়ে গিয়েছিল যে একটু অসাবধান হলেই সেটির ক্ষতি হতে পারত। পরে সাবেক মেম্বার তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সাবধানে জাল কেটে অক্ষত ও সুস্থ অবস্থায় অজগরটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার কাজ শেষে অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যবেক্ষণ শেষে সুবিধাজনক সময়ে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বা নিরাপদ প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে।