বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
প্রবাস

সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন

সিডনির বাংলা গানের শ্রোতাদের জন্য শনিবারের সন্ধ্যা হতে যাচ্ছে বিশেষ এক সংগীতসন্ধ্যা। বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা এবং অস্ট্রেলিয়াপ্রবাসী শিল্পী অমিয়া মতিন একই মঞ্চে গান পরিবেশন করবেন।

সিডনিবাসী-বাংলার ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর হার্স্টভিল সিভিক থিয়েটারে বসছে এই বিশেষ সংগীত আয়োজন। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির খবর, বাংলা ভাষা, সংস্কৃতি ও প্রবাসজীবনের নানা দিক তুলে ধরে আসা সিডনিবাসী-বাংলার রজতজয়ন্তী উপলক্ষে এবারের আয়োজন সাজানো হয়েছে ব্যতিক্রমী সংগীতসন্ধ্যাকে ঘিরে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ফাতেমা তুজ জোহরা। নজরুলসংগীতের পাশাপাশি আধুনিক গানেও রয়েছে তাঁর দীর্ঘ পথচলা। মঞ্চ ও টেলিভিশনে গান পরিবেশনের পাশাপাশি অভিনয় ও লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে। নজরুলসংগীতে দীর্ঘদিনের কাজের জন্য তিনি নজরুল পুরস্কারও পেয়েছেন।

ফাতেমা তুজ জোহরার সঙ্গে মঞ্চে থাকবেন অমিয়া মতিন। শৈশব থেকেই সংগীতচর্চায় যুক্ত অমিয়া ঢাকার নজরুল পরিষদ মিউজিক স্কুল এবং কলিম শরাফীর সংগীত ভবনে তালিম নেন। তাঁর সংগীতশিক্ষকদের মধ্যে ছিলেন ফাতেমা তুজ জোহরাও। পরবর্তীতে নরওয়ে, জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গান পরিবেশন করেন তিনি। ১৯৯৬ সাল থেকে সিডনিতে বসবাস করছেন অমিয়া।

১৯৯৫ সালে প্রকাশিত হয় অমিয়া মতিনের প্রথম অ্যালবাম ‘যেতে যেতে কিছু কথা’। পরে প্রকাশিত হয় নজরুলসংগীতের অ্যালবাম ‘ভোরের কুন্দকলি’ এবং আধুনিক গানের অ্যালবাম ‘যত ভাবনা ছিল’। সিডনির বাংলা সাংস্কৃতিক অঙ্গনেও দীর্ঘদিন ধরে নিয়মিত গান করে আসছেন তিনি। ২০২৪ সালে প্রয়াত রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদকে স্মরণ করে তাঁর একক সংগীতসন্ধ্যা ‘তুমি রবে নীরবে’ অনুষ্ঠিত হয় হার্স্টভিল সিভিক থিয়েটারে।

শনিবারের আয়োজনে আরও থাকছেন সংগীতচর্চার সঙ্গে যুক্ত প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ড. আবদুল্লাহ আল মামুন।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে গিটারে থাকবেন সোহেল খান, তবলায় অভিজিৎ দান, অক্টোপ্যাডে শাহরিয়ার এবং কিবোর্ডে নীলাদ্রি।

সিডনিবাসী-বাংলার সম্পাদক প্রকৌশলী আবদুল মতিন বলেন, “২৫ বছর পূর্তি আমাদের জন্য আনন্দের একটি উপলক্ষ। এত বছর ধরে প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও কমিউনিটির নানা বিষয় তুলে ধরতে গিয়ে পাঠক, লেখক, শিল্পী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা পেয়েছি। তাদের সেই সমর্থনই আমাদের পথচলার শক্তি।”

তিনি বলেন, “রজতজয়ন্তীর এই আয়োজন আমরা সংগীতের মাধ্যমে উদযাপন করতে চেয়েছি। ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিনের মতো শিল্পীদের একই মঞ্চে পেয়ে আমরা আনন্দিত। আশা করছি, অনুষ্ঠানটি সিডনির বাংলা ভাষাভাষী মানুষের সুন্দর এক মিলনমেলায় পরিণত হবে।”

আয়োজকরা জানান, ২৬ সেপ্টেম্বর হার্স্টভিল সিভিক থিয়েটারে সন্ধ্যা ৬টায় দর্শকদের জন্য দরজা খুলবে। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। টিকিট দেশি ইভেন্টসের মাধ্যমে সংগ্রহ করা যাবে।

এই সম্পর্কিত আরো