মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর অনূর্ধ্ব-২০ পুরুষ ও নারী—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার সদর থানা।
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই খেলার উদ্দেশ্য হচ্ছে তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা। তোমরাই আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যতে তোমরাই দেশকে নেতৃত্ব দেবে। তাই নেতিবাচক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রেখে পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে।”
ফাইনাল খেলায় অনূর্ধ্ব-২০ পুরুষ বিভাগে মৌলভীবাজার সদর থানা চ্যাম্পিয়ন এবং রাজনগর থানা রানারআপ হয়। অপরদিকে, অনূর্ধ্ব-২০ নারী বিভাগে মৌলভীবাজার সদর থানা চ্যাম্পিয়ন এবং শ্রীমঙ্গল থানা রানারআপ হয়।
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার সাতটি থানায় প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে পুরুষ বিভাগে সাতটি দল এবং বাছাই প্রক্রিয়ার মাধ্যমে গঠিত নারী বিভাগে দুটি দল প্রতিযোগিতায় অংশ নেয়।
জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে বাছাইকৃত একটি দল রেঞ্জ পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের; জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হানিফ মো. খান নিয়াজ; মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম; বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।