সিলেটের খাদিমপাড়া থেকে নিখোঁজ দুই মাদরাসাছাত্রকে জৈন্তাপুর থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯-এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো—জকিগঞ্জ থানার উত্তর মনসুরপুর এলাকার বেবুল আহমদের ছেলে মো. সাইদ মাসুদ চৌধুরী নাইম (১৫) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার বড়বন এলাকার আব্দুস সাত্তারের ছেলে তামিম আহমদ (১৫)। তারা দুজনই শাহপরাণ থানার খাদিমপাড়া এলাকার জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী।
এসআরবি সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ফজরের নামাজের সময় দুই শিক্ষার্থী মাদরাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিষয়টি মাদরাসার পরিচালক তোফায়েল আহমদ তাদের অভিভাবকদের জানান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরে শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন অভিভাবকরা।
এর মধ্যে গত ১৭ সেপ্টেম্বর নিখোঁজ নাইমের বাবার মোবাইলের ইমো অ্যাকাউন্টে একটি নম্বরবিহীন অ্যাকাউন্ট থেকে ভয়েস মেসেজ পাঠিয়ে টাকা দাবি করা হয়। পরে ভিডিও কলে নাইমের মতো দেখতে একজনকে হাত-পা বাঁধা অবস্থায় মারধরের দৃশ্য দেখানো হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এ ঘটনায় অপহরণের আশঙ্কা তৈরি হয়।
পরে বিষয়টি নিয়ে এসআরবি ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে জৈন্তাপুর থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই শিক্ষার্থী জানিয়েছে, মাদরাসায় পড়াশোনায় অনাগ্রহের কারণে তারা সেখান থেকে পালিয়ে যায় এবং জৈন্তাপুরের একটি রেস্টুরেন্টে চাকরি নেয়। তাদের মধ্যে একজন এর আগেও একাধিকবার মাদরাসা থেকে পালিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উদ্ধারের পর দুই শিক্ষার্থীকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবি-৯-এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।