‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলা।
সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষমেলা উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না; জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তার পাশে, পতিত জমি এবং খাল ও নদীর তীরবর্তী এলাকায় বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সুনামগঞ্জ রেঞ্জ, সিলেট বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।