সুনামগঞ্জের ছাতক পৌরসভার মোগলপাড়ায় ভাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু আপন ভাই গুরুতর আহত হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর তাদের একজনের মৃত্যু হয়েছে। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ছাতক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোগলপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়া বাসায় থাকা ৫ বছর বয়সী ছোট ভাই বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধারে এগিয়ে আসে তার ৭ বছর বয়সী বড় ভাই। এ সময় বড় ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত দুই শিশুকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. নুসরাত আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুজনকে হাসপাতালে নিয়ে আসার পর একজনকে আগেই মৃত পাওয়া যায়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।”
মর্মান্তিক এ ঘটনায় মোগলপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।