সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতাদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার সকালে নগরের জিন্দাবাজার এলাকার একটি হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এই সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)’-এর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার একটি হোটেলের সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ‘নতুন বাংলাদেশের’ অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকাটাই বাঞ্ছনীয়। আমাদের মধ্যে হাজারো সমস্যা থাকলেও আলোচনার পথ কখনো বন্ধ হয়নি এবং বন্ধ হওয়া উচিতও নয়। আমরা আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করতে চাই।
জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে কড়া সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে এনার্জি সেক্টরে যেভাবে ‘সাইকোপ্যাথিক’ দুর্নীতি করা হয়েছে, তা অকল্পনীয়। তবে বর্তমান প্রধানমন্ত্রী এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। সরকার আন্তরিকভাবে জ্বালানি সংকট সমাধানে কাজ করে যাচ্ছে।
বৈশ্বিক রাজনীতি ও নিরাপত্তা জোটে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে আলোচনা চলছে। এটি অস্বাভাবিক কিছু নয়, কারণ বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত থাকে। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ যেখানে প্রয়োজন সেখানেই যুক্ত হবে।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং বিমান কেনা প্রসঙ্গে তিনি পরিষ্কার করেন যে, এটি কোনো বহিঃশক্তির চাপে নয় বরং দেশের ক্রমবর্ধমান চাহিদার ভিত্তিতেই করা হচ্ছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও বিমান কেনা হবে।
শ্রমবাজার নিয়ে তিনি জানান, বিগত সরকারের আমলের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে যে নেতিবাচক প্রভাব পড়েছিল, বর্তমান সরকার তা ভেঙে দিয়েছে। এখন থেকে ধাপে ধাপে স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রমশক্তি রপ্তানি শুরু হবে।
সবশেষে, কলকাতায় বাংলাদেশি পর্যটকদের হোটেল না পাওয়া বা রাস্তায় রাত কাটানোর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের নির্দিষ্ট কোনো ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।