সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ সভা লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, প্রবাসীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সিলেট নগরের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
গত ২১ জুলাই লন্ডনের সোনার গাঁও রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ আয়াছ মিয়া সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সদস্য সচিব শেরওয়ান শাহ কামালী।
সভায় প্রবাসীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি সিলেট শহরের বন্যা প্রতিরোধের স্থায়ী সমাধান, এলাকার নিরাপত্তা জোরদার, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস ও কবরস্থান নির্মাণের দাবিতে প্রচারণা ও সংশ্লিষ্ট মহলে তদবির (লবিং) কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। এতে মো. আয়াছ মিয়া আহ্বায়ক, শাহ শেরওয়ান কামালী সদস্য সচিব এবং বাবুল আহমদ চৌধুরী যুগ্ম আহ্বায়ক (কোষাধ্যক্ষ পদমর্যাদা) মনোনীত হন। এ কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে।
সভায় উপস্থিত ছিলেন বাবুল আহমদ চৌধুরী, কবির আহমদ, মুহাম্মদ আব্দুল খালিক, আবুবক্কর সিদ্দিকী, মুহাম্মদ সাদেকুল আমিন, আঙ্গুর আলী, শাহজাহান করিম, খসরু জামান, ফারুক মিয়া, মুহাম্মদ ফয়জুন, নূর, মুর্শেদ নূর, মিসবা উদ্দিন, শেরওয়ান চৌধুরী, নাসির উদ্দিনসহ সংগঠনের সদস্যরা।
সভায় জানানো হয়, সিলেট শহরের বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠানকে (কনসালট্যান্ট) গবেষণা ও প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে।
বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর)-এর বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।