সিলেটে পূর্ববিরোধের জেরে নিজে ও পরিবারের সদস্যদের প্রাণনাশ এবং লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক বদরুর রহমান বাবর।
শাহপরান (রহ.) থানায় করা জিডিতে তিনি নগরের উত্তর বালুচর এলাকার জালাল মিয়া (৫৫), তাঁর দুই ছেলে ইউসুফ আহমদ (২৬) ও শাহিন আহমদ (২৮) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করেছেন।
জিডিতে বদরুর রহমান বাবর উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর বিরোধ চলে আসছে। এর জেরে অভিযুক্তরা তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার পাঁয়তারা করছেন বলে তিনি আশঙ্কা করছেন।
জিডিতে তিনি আরও উল্লেখ করেন, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে এবং বিভিন্ন সময়ে অভিযুক্তরা লোকমুখে তাঁকে হুমকি দিয়েছেন। তাঁকে বা তাঁর পরিবারের কোনো সদস্যকে রাস্তাঘাটে সুযোগমতো পেলে প্রাণে হত্যা করে লাশ গুমসহ বড় ধরনের ক্ষতি করার ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা তাঁকে আইনগত আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরে ভবিষ্যতের নিরাপত্তার কথা বিবেচনা করে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করতে শাহপরান (রহ.) থানায় আবেদন করেন বদরুর রহমান বাবর।
জিডিতে বিষয়টি নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।