সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নিখোঁজের দুই দিন পর ইউসুফ আলী (৩০) নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের ছাতক-সুনামগঞ্জ সড়কসংলগ্ন পানাইল ডুবার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ আলী উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সাহেবেরগাঁও গ্রামের আলকাছ আলীর ছেলে। তিনি জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তি করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ থেকে ছয় দিন আগে ভিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ইউসুফ। গত ১৮ জুলাই শনিবার রাতে পানাইল এলাকায় তাঁকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সোমবার সন্ধ্যায় স্থানীয়রা খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে দোয়ারাবাজার থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের বাবা আলকাছ আলী ঘটনাস্থলে এসে মরদেহটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং নিহত ব্যক্তি দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।