সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-৯। শনিবার (১৮ জুলাই) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত পাঁচটি আধুনিক স্মার্টফোন জব্দ করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল শনিবার বিকেল ৫টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর সরকারি খাদ্য গুদাম সংলগ্ন নদীর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন— দিরাই উপজেলার খাগাউড়া গ্রামের ইমন তালুকদার (২২), বিপ্লব সরকার (২১), অমৃত দাস (২২) এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাসননগর এলাকার মো. মোহন (১৬)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। তাদের ব্যবহৃত স্মার্টফোনগুলো পরীক্ষা করে ১এক্স-বেট (1xBet), বিকে৬৬৬ (BK666), জিতবাজ (Jeetbuzz), জিকে২২২ (GK222) এবং ৩৩৩৩-বেট (3333Bet)-সহ বিভিন্ন নিষিদ্ধ অনলাইন বেটিং ও ক্যাসিনো অ্যাপের মাধ্যমে জুয়া খেলার আলামত পাওয়া গেছে।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, অনলাইন জুয়াসহ সমাজবিধ্বংসী সকল অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।