বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জনসাধারণের অভিযোগ, সমস্যা ও সরকারি সেবা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।

গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা ভূমি-সংক্রান্ত জটিলতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, কৃষি, অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা, ভাতা, রাস্তা-ঘাট, সুপেয় পানিসহ বিভিন্ন বিষয়ে নিজেদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় এবং কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়। এছাড়া যেসব বিষয় তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি সম্ভব হয়নি, সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

গণশুনানিতে অংশ নেওয়া সদর ইউনিয়নের কালীপুর গ্রামের বাসিন্দা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফর আলী বলেন, “অনেক দিন ধরে পানির সমস্যায় ভুগছিলাম। আজ সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি তুলে ধরতে পেরেছি। তিনি গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, “জনগণের দোরগোড়ায় প্রশাসনের সেবা পৌঁছে দেওয়া এবং তাদের সমস্যার কথা সরাসরি শুনতেই এই গণশুনানির আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতি বুধবার নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন মানুষের সমস্যাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও কার্যকরভাবে সমাধানের চেষ্টা করবে।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন এবং সরকারি সেবার মান আরও উন্নত করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই সম্পর্কিত আরো