বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

তিন বছর পর উদ্ধার: মৌলভীবাজারের ভবঘুরে নারী এখন সরকারি আশ্রয়কেন্দ্রে

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের পাশের স্প্রিং কর্নার এলাকায় দীর্ঘদিন ধরে আশ্রয়হীন অবস্থায় বসবাস করা মানসিক অসুস্থ নারী খাদিজা নাজমিনকে উদ্ধার করে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ঢাকার একটি সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের উদ্যোগ ও আহ্বানে জেলা সমাজসেবা অধিদপ্তর এবং শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের সমন্বিত অভিযানে তাকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে তিনজন পুলিশ সদস্যের নিরাপত্তায় ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি আশ্রয়কেন্দ্রে হস্তান্তর করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের স্প্রিং কর্নার এলাকায় অবস্থান করছিলেন খাদিজা নাজমিন। তার মানসিক অসুস্থতার কারণে অনিয়ন্ত্রিত আচরণে জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস, আশপাশের সরকারি দপ্তরে আগত সেবাগ্রহীতা, শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছিলেন। স্থানীয়দের অভিযোগ, তিনি প্রায়ই অশালীন ভাষায় চিৎকার-চেঁচামেচি ও বিশৃঙ্খল আচরণ করতেন, ফলে এলাকায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতো।

স্প্রিং কর্নার এলাকার ১০ বছরের ইজারাগ্রহীতা ব্যবসায়ী জাকির চৌধুরী জানান, প্রায় তিন বছর আগে জায়গাটি ইজারা নেওয়ার পরও ওই নারীর অবস্থানের কারণে তিনি ব্যবসা শুরু করতে পারেননি। এ বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আবেদন করে আসছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খাদিজা নাজমিনের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপাড় এলাকায়। তিনি পূর্বে সনাতন ধর্মাবলম্বী ছিলেন। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে একজন মুসলিম ব্যক্তিকে বিয়ে করেন। পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তার একটি পুত্রসন্তান রয়েছে, তবে বর্তমানে সন্তানের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের ধারণা, পারিবারিক ও সামাজিক বিচ্ছিন্নতার কারণে তিনি দীর্ঘদিন ধরে আশ্রয়হীন ও ভবঘুরে জীবনযাপন করছিলেন।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব, উপদেষ্টা শামীম তরফদার, সাংগঠনিক সচিব কামরান চৌধুরী, সমাজকর্মী আকতার আহমদ, নির্বাহী পরিচালক আবু সামাদ সুজেল, কার্যনির্বাহী পরিষদের সদস্য ইশতিয়াক আহমেদ চৌধুরী, রেদওয়ান আহমদ ছামী, বিআইএস মহিলা বিভাগের সদস্য রিতা দেব, ফাতেমা বেগম, ছামিয়া আক্তার, শিলা বেগম, সুমাইয়া আক্তারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, যথাযথ চিকিৎসা, পুনর্বাসন ও কাউন্সেলিংয়ের সুযোগ নিশ্চিত করা গেলে অনেক মানসিক অসুস্থ ও আশ্রয়হীন মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। এ ধরনের মানুষের জন্য মৌলভীবাজারে একটি স্থায়ী আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার।

এই সম্পর্কিত আরো