সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় শাল্লা কলেজ রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়াল। সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজিরুল ইসলাম আজহার, ৩ নম্বর বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদ হোসেন সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মজিদ, বর্তমান আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও মো. একরামুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল আহমেদ দুলাল, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন ও রাকিব মিয়া, যুবদল নেতা এইচ এম এরশাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ, মারুফ হাসান ডালিম, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাব্বুল হোসাইন, ছাত্রদল নেতা শাকিল আহমেদ, রাহুল সরকার, কয়েস চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতে দমন-পীড়ন ও গুমের রাজনীতি করেছে এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা দলের নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচি ও জনকল্যাণমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন তারা।