মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
রোববার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্যুরিজম কমলগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী মণিপুরি নৃত্য পরিবেশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম। এ সময় ট্যুরিস্ট পুলিশের ওসি প্রজিত কুমার দাশ, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, সাংবাদিক আহমেদুজ্জামান আলম, ট্যুরিজম কমলগঞ্জের আহ্বায়ক শাব্বির এলাহীসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন রিসোর্টের প্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী মণিপুরি নৃত্য পরিবেশন করা হয়। পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে কমলগঞ্জ অন্যতম পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। এ অঞ্চলের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে স্থানীয় সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে হবে।