মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জে ধলাই নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী চন্ডিছড়ায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপির নির্দেশ কানাইঘাটে বিয়ের প্রলোভনের আড়ালে প্রতারণা? গ্রেফতার যুবক আরমান আহ্বায়ক ও সুজন সদস্য সচিব - কানাডায় ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ ফেসবুকে অস্ত্রের মহড়ার ভিডিও ভাইরাল, গোলাপগঞ্জে দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে ঘিরে ২৫ লাখ মানুষের প্রাণের ৫ দাবি! জগন্নাথপুরে বিশেষ অভিযানে ৪ মামলার আসামি গ্রেফতার জামালগঞ্জে বিট পুলিশিং ও মতবিনিময় সভা শ্রীমঙ্গলে জেলের জালে বিশালাকার অজগর অক্ষত উদ্ধার, বন বিভাগে হস্তান্তর দুই দেশে দুই জীবন - অস্ট্রেলিয়ার ভিসা জটে থমকে আছে হাজারো পরিবারের পুনর্মিলন
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে কৃষি সহায়তার তালিকায় অনিয়ম স্বজনপ্রীতির অভিযোগ

বোরো মৌসুমে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি কৃষি সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নকে ঘিরে সুনামগঞ্জের দিরাই উপজেলাজুড়ে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। 

তালিকায় একই পরিবারের একাধিক সদস্যের নাম অন্তর্ভুক্ত করা, কৃষি ক্ষতির সঙ্গে সংশ্লিষ্ট নন এমন ব্যক্তিদের নাম সংযোজন এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্র ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বোরো মৌসুমে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ফসল হারানো অনেক কৃষকের নাম ক্ষতিগ্রস্তদের তালিকায় স্থান পায়নি। অন্যদিকে বিভিন্ন এলাকায় একই পরিবারের দুই, তিন এমনকি চারজন সদস্যের নামও তালিকাভুক্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। কৃষকদের দাবি, তালিকা প্রণয়নের ক্ষেত্রে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিবর্তে ব্যক্তিগত সম্পর্ক, প্রভাব ও স্বজনপ্রীতি গুরুত্ব পেয়েছে।

এর আগে উপজেলার করিমপুর ইউনিয়নে কৃষি সহায়তার তালিকা প্রকাশের পর ব্যাপক সমালোচনা ও কৃষকদের প্রতিবাদের মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তালিকা সংশোধন করে। এরপর উপজেলার অন্যান্য ইউনিয়নেও তালিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

সর্বশেষ রোববার জগদল ইউনিয়নের কয়েকজন ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে অক্ষতিগ্রস্ত ও অযোগ্য ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। একই পরিবারের একাধিক সদস্যকে সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক তালিকার বাইরে রয়েছেন।

পৌর এলাকার কৃষক চান মিয়া বলেন, আমার কয়েক একর জমির ধান পানিতে নষ্ট হয়ে গেছে। কিন্তু ক্ষতিগ্রস্তদের তালিকায় আমার নাম নেই। পরে দেখি একই পরিবারের কয়েকজন সদস্যের নাম রয়েছে। আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, তারাই সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছি।

জগদল গ্রামের কৃষক ও সাবেক ইউপি সদস্য আব্দুল গণি বলেন, সরকার কৃষকদের সহায়তা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। কিন্তু মাঠপর্যায়ে তালিকা তৈরিতে অনিয়ম হলে প্রকৃত কৃষকরাই বঞ্চিত হবেন। অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

রাজানগর ইউনিয়নের রাজানগর গ্রামের কৃষক মতি লাল বলেন, যাদের ধান নষ্ট হয়েছে তাদের অনেকের নাম তালিকায় নেই। আবার অনেকের নাম রয়েছে যাদের ক্ষতি হয়নি। এতে সাধারণ কৃষকদের মধ্যে হতাশা বাড়ছে।

তালিকা প্রণয়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতা প্রকাশ্যে তালিকা পুনঃযাচাইয়ের দাবি জানিয়েছেন। দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, জগদল গ্রামের বাসিন্দা সালমান হুসাইন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, যতটুকু বরাদ্দ কৃষি সহায়তা নিয়ে জগদল ইউনিয়নের কৃষক মারাত্মক অসন্তুষ্ট। কিন্তু কেন? কৃষকের হক মেরে কি সেবক হওয়া যায়?

দিরাই সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক সাংবাদিক সালমান মিয়া লিখেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের হক মেরে খাওয়ার মহা উৎসব   দেখছি, দেখছে দিরাই- শাল্লা বাসী।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারের মানবিক সহায়তা কর্মসূচিকে কেন্দ্র করে কিছু এলাকায় প্রভাবশালী মহল নিজেদের লোকজনকে সুবিধাভোগী করার চেষ্টা করেছে। ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি বড় অংশ তালিকার বাইরে থেকে গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, জগদল ইউনিয়নের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে দেখা হবে। তালিকা প্রণয়নে কোনো অনিয়ম বা ভুল পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুসন্ধানে পাওয়া অভিযোগ, করিমপুর ইউনিয়নে তালিকা সংশোধনের ঘটনা, জগদল ইউনিয়নের লিখিত অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা সমালোচনা সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কৃষকদের দাবি, পুরো তালিকা পুনঃযাচাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করা না হলে সরকারি সহায়তার মূল উদ্দেশ্য ব্যাহত হবে।

হাওরাঞ্চলের কৃষকদের প্রশ্ন, যাদের ফসল পানির নিচে তলিয়ে গেছে, তারা যদি সরকারি সহায়তা না পান, তাহলে এই সহায়তা কর্মসূচির প্রকৃত উপকারভোগী কারা?

উল্লেখ্য, এবারের বোরো মৌসুমে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের সহায়তায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সহায়তা কর্মসূচিতে দিরাই উপজেলা থেকে ক্ষতিগ্রস্ত প্রায় ২৩ হাজার কৃষকের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হলেও প্রথম ধাপে ১১ হাজার ৭৫৬ জন কৃষকের জন্য বরাদ্দ পাওয়া যায়।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জে ধলাই নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

চন্ডিছড়ায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপির নির্দেশ

কানাইঘাটে বিয়ের প্রলোভনের আড়ালে প্রতারণা? গ্রেফতার যুবক

আরমান আহ্বায়ক ও সুজন সদস্য সচিব কানাডায় ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ

ফেসবুকে অস্ত্রের মহড়ার ভিডিও ভাইরাল, গোলাপগঞ্জে দুই যুবক গ্রেফতার

প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে ঘিরে ২৫ লাখ মানুষের প্রাণের ৫ দাবি!

জগন্নাথপুরে বিশেষ অভিযানে ৪ মামলার আসামি গ্রেফতার

জামালগঞ্জে বিট পুলিশিং ও মতবিনিময় সভা

শ্রীমঙ্গলে জেলের জালে বিশালাকার অজগর অক্ষত উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

দুই দেশে দুই জীবন অস্ট্রেলিয়ার ভিসা জটে থমকে আছে হাজারো পরিবারের পুনর্মিলন