মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, “বিএনপি সরকার মানেই উন্নয়ন। বিএনপি যখনই ক্ষমতায় ছিল, তখনই মানুষের কল্যাণে কাজ করেছে। নারী শিক্ষার উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর নেতৃত্বে কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে সেই আদর্শ অনুসরণ করেই তারেক রহমান দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাচ্ছেন।”
বুধবার (১৩ মে) দুপুরে কুলাউড়া উপজেলা উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ এ প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারীদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মেয়েদের স্কুল ইউনিফর্ম প্রদান, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষায় বিভিন্ন সুবিধা নিশ্চিত করার উদ্যোগ বিএনপি সরকারের সময় বাস্তবায়িত হয়েছে।
এমপি শওকতুল ইসলাম শকু বলেন, স্বাধীনতার পর থেকে কুলাউড়ার দায়িত্ব সঠিকভাবে কেউ পালন করেননি। পাশ্ববর্তী উপজেলাগুলোতে উন্নয়ন হলেও কুলাউড়া দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ছিল। তিনি বলেন, “বর্তমান বিএনপি সরকারের মাধ্যমে আগামী পাঁচ বছরে কুলাউড়ার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন খাতে ৮০ থেকে ৯০ ভাগ উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।”
তিনি জানান, ইতোমধ্যে পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজসহ উপজেলার ৯৩টি স্কুল, কলেজ ও মাদ্রাসার ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার পাঠানো হয়েছে। খুব শিগগিরই কলেজটিতে চারতলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণকাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি কলেজের সীমানা প্রাচীর নির্মাণ, বিজ্ঞান শাখা চালুসহ অবকাঠামোগত উন্নয়নেও কাজ করা হবে বলে জানান।
নুরুল মান্নান চৌধুরী এর সভাপতিত্বে এবং প্রভাষক মো. আলাউদ্দিন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, লংলা আধুনিক ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজমুল হোসেন, কলেজের অধ্যক্ষ মো. হানিফ, হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে এমপি শওকতুল ইসলাম শকুকে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা।