দেশজুড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করতে উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নির্দেশনা দেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা যেন দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে জন্য একটি নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে তোলা জরুরি। তিনি তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যকারিতা বাড়াতে তথ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং সঠিক উপকারভোগী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।