অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিল। একই সঙ্গে প্রতিবছর বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে কাউন্সিলের নির্ধারিত স্থানে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) কাউন্সিলের নিয়মিত সভায় এ-সংক্রান্ত প্রস্তাব পাস হয়।
জানা গেছে, কাউন্সিলর শিরিন আক্তার ও হাদি সালেহ যৌথভাবে এ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব অনুযায়ী, ২০২৭ সালের ২৬ মার্চ কাউন্সিলের নির্ধারিত স্থানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার, স্থানীয় জনপ্রতিনিধি, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্থানীয় সরকার কর্তৃপক্ষের ওই সভায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসও তুলে ধরা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের বিজয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কমিউনিটির অবদানের প্রশংসা করা হয়।
কাউন্সিলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে একতা লাকেম্বা ইউনাইটেড গ্রুপ। সংগঠনটির পক্ষ থেকে কাউন্সিলর শিরিন আক্তার ও হাদি সালেহের যৌথ উদ্যোগে প্রস্তাবটি পাস হওয়ায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ জানান, অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বা ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রতিবছর স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপিত হলেও এবার স্থানীয় সরকারের আনুষ্ঠানিক উদ্যোগে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের সুযোগ সৃষ্টি হয়েছে।
প্রবাসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন এবং বিজয় দিবসের স্বীকৃতি প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। বিশেষ করে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কমিউনিটির নেতৃবৃন্দ। এ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখায় কাউন্সিলর শিরিন আক্তার, হাদি সালেহসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।