পর্তুগালে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজন, প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি এস এম গোলাম সারওয়ার। এ ছাড়া পর্তুগালে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
পর্তুগালের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বনাথের প্রবাসীরা অনুষ্ঠানে যোগ দেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও আন্তরিকতায় পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।
আয়োজকরা জানান, বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের এই অভিষেক অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং প্রবাসে নিজেদের শেকড়, ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার একটি উদ্যোগ। প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এ সংগঠনের পথচলা।
অনুষ্ঠানের আয়োজকরা বলেন, এত বড় আয়োজন করতে গিয়ে অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তাঁরা আন্তরিকভাবে দুঃখিত। অনুষ্ঠানে সবার উপস্থিতি, সহযোগিতা ও ভালোবাসা তাঁদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও সবার সহযোগিতা নিয়ে বিশ্বনাথ অ্যাসোসিয়েশন প্রবাসীদের কল্যাণে কাজ করে যেতে চায়।
প্রবাসের মাটিতে বিশ্বনাথের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে সংগঠনটির নতুন পথচলা আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।