সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি জামালগঞ্জ সদর ইউনিয়নের কাশীপুর গ্রামের মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মিরাজুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জামালগঞ্জ থানার একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।
গার্ড অব অনার শেষে একই স্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কাশীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, বিএনপি নেতা মোখলেসুর রহমান, হুমায়ুন কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।