সিলেটে নিবন্ধনবিহীন নিউজপোর্টাল ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে রাতে গণবিজ্ঞপ্তি জারি করে পরদিন সকালে তা প্রত্যাহার করে নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সংক্ষিপ্ত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণবিজ্ঞপ্তিটি বাতিল করার কথা জানানো হয়।
দুটি বিজ্ঞপ্তিতেই এসএমপির কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষর করেছেন।
যোগাযোগ করলে এসএমপির মুখপাত্র এডিসি (মিডিয়া) মো. মনজুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
রাতে গণবিজ্ঞপ্তি দিয়ে সকালে আবার প্রত্যাহার করে নেওয়ার পেছনে কী কারণ, জানতে চাইলে তিনি বলেন, ‘অনলাইন নিউজপোর্টাল সংক্রান্ত গণবিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে সেটা আমি জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা বলতে পারবেন।’
গণবিজ্ঞপ্তি বাতিলসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সিলেট মহানগরীর সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিজ্ঞপ্তি সিটিএসবি/এসএমপি/২৫০১ তারিখ ২৯/০৪/২০২৬ খ্রি. মূলে জারিকৃত গণবিজ্ঞপ্তি এতদ্বারা বাতিল করা হলো।’
এর আগে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘কিছু নিউজ পোর্টাল কর্তৃক যথাযত রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুণ্ন করছে। এমতাবস্থায় এই গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে ২০২৬ সন্ধ্যা ৬টা) রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজপোর্টাল দেশি/বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হলো। অন্যথ্যায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গণবিজ্ঞপ্তিতে অনলাইন পাঠকদের উদ্দেশেও সতর্কতার নির্দেশনা দিয়ে বলা হয়েছিল, ‘উক্তরূপ নিউজপোর্টালের প্রকাশিত কোনো সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরীর সর্বসাধারণকে অনুরোধ করা হলো।’
পুলিশের ওই গণবিজ্ঞপ্তিটি জারির পরপরই তার বৈধতা ও এখতিয়ার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে, সমালোচনাও শুরু হয়।
সমালোচকদের মতে, অনলাইন গণমাধ্যমের নিবন্ধন প্রদানের এখতিয়ার সরাসরি তথ্য মন্ত্রণালয়ের। কোনো অনলাইন গণমাধ্যম বন্ধ করার এখতিয়ারও তথ্য মন্ত্রণালয়ের। তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া এমন বিজ্ঞপ্তি জারি করা পুলিশের এখতিয়ার-বর্হিভূত ও গণমাধ্যমের ওপর অযাচিত হস্তক্ষেপের শামিল।