সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরে বোরো ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে ৩ মৌসুমি শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া এলাকার হাওরে এই ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হলেন— পাবনা জেলার সাথিয়া উপজেলার বাসিন্দা মোতালেব মিয়া (৩৫), আরিফ মিয়া (৩৫) ও সোহেল আহমদ (৪০)। তারা সবাই ধান কাটার মৌসুমে সুনামগঞ্জের হাওরাঞ্চলে কাজ করতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আক্তাপাড়া হাওরে ধান কাটছিলেন একদল শ্রমিক। বিকেল ৪টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ওই তিনজন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অন্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, বজ্রপাতে আহত তিন শ্রমিককে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ্য যে, আজ সোমবার দুপুর থেকে সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতের তাণ্ডব শুরু হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে, যার ফলে হাওরাঞ্চলের কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।