হবিগঞ্জের নবীগঞ্জে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বিবিয়ানা গ্যাস ফিল্ডের উচ্চ নিরাপত্তাবেষ্টিত ও নিষিদ্ধ এলাকায় একটি বেসরকারি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে আকস্মিক এই ঘটনায় গ্যাস ফিল্ড এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় ধরনের অগ্নিকাণ্ড ও বিপর্যয়ের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে এশিয়ার বৃহত্তম এই গ্যাস ক্ষেত্রটি।
জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হলে সিলেট থেকে কুমিল্লাগামী একটি বেসরকারি হেলিকপ্টার যান্ত্রিক গোলযোগ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়ে। হেলিকপ্টারটি নবীগঞ্জ উপজেলার বান্দের বাজার এলাকায় নিচু হয়ে বিকট শব্দে ঘুরতে থাকে। একপর্যায়ে জীবন রক্ষার্থে পাইলট বিবিয়ানা গ্যাস ফিল্ডের 'ওয়েস্ট প্যাড'-এর মেইন প্যাডে অবতরণ করেন। উল্লেখ্য, এই এলাকাটিতে সাধারণ মানুষ বা যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ এবং অত্যন্ত সংবেদনশীল।
হেলিকপ্টারটি অবতরণের সাথে সাথে শেভরন বাংলাদেশ পুরো বিবিয়ানা এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করে। গ্যাস ফিল্ডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। তাৎক্ষণিকভাবে সেখানে মোতায়েন থাকা সেনাবাহিনী ও পুলিশের বিশেষ টিম এলাকাটি কর্ডন করে ফেলে।
গ্যাস ফিল্ডের একজন নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হেলিকপ্টারটি যেখানে নেমেছে, সেখান থেকে সামান্য এদিক-সেদিক হলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারত। আমরা লাল পতাকা দেখিয়ে বাধা দিলেও ঝড়ের কারণে পাইলট তা খেয়াল করতে পারেননি। আল্লাহ আমাদের রক্ষা করেছেন।
শেভরন বাংলাদেশের মিডিয়া রিলেশন অফিসার শেখ জাহিদুর রহমান জানান, কুমিল্লার একটি ব্যবসায়ী পরিবার সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে ঝড়ের কবলে পড়েন। তারা জানতেন না যে এটি একটি অতি সংবেদনশীল এলাকা। ঝড়ের তীব্রতা কমলে এবং যথাযথ প্রক্রিয়া ও মুচলেকা সম্পন্ন হওয়ার পর হেলিকপ্টারটি পুনরায় উড্ডয়ন করে চলে যায়। কিছু সময়ের জন্য পরিস্থিতি থমথমে থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।
বিবিয়ানার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা জাহাঙ্গীর বখত তালুকদার বলেন, হেলিকপ্টারের বিকট শব্দে আমরা ঘর থেকে বেরিয়ে আসি। নিষিদ্ধ এলাকায় এটি নামায় আমরা সবাই বড় ধরনের বিস্ফোরণের ভয়ে আতঙ্কিত ছিলাম।