সিলেটের জৈন্তাপুরে হাইয়েস মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল ) বেলা আনুমানিক ১১টা ২৫ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের তামাবিল হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-১৭০৪) এবং জাফলংগামী একটি হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-১৯৬৮) মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে হাইয়েসের চালক মোঃ খোকন (৩০), পিতা মোঃ হানিফ, বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামনগর এলাকায়, গুরুতর আহত হন।
এছাড়া একই গাড়িতে থাকা মোঃ তৌসিফ (১৬), পিতা মোঃ সেলিম এবং ইশান রায় (১৬), পিতা দীপাল রায়—উভয়েই হবিগঞ্জের বাসিন্দা—হালকা আহত হন। আহতদের মধ্যে তৌসিফ ও ইশান রায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
গুরুতর আহত চালক খোকনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও হাইয়েসটি জব্দ করেছে।
বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।