ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সিলেট বিভাগ থেকে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের ওপর আস্থা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই অঞ্চলের প্রতিনিধি হিসেবে দলটির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার এবং নতুন মুখ হিসেবে সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর কন্যা ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩৬ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের দুই দিনব্যাপী নিবিড় সাক্ষাৎকার গ্রহণ শেষে যোগ্যতার ভিত্তিতে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।
সিলেট বিভাগ থেকে মনোনীত শাম্মী আক্তার বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নবম জাতীয় সংসদে সংরক্ষিত আসন থেকে (হবিগঞ্জ-৪ এলাকা সংশ্লিষ্ট) সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণেই হাইকমান্ড তাকে পুনরায় সংসদীয় রাজনীতিতে ফিরিয়ে এনেছে বলে মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা।
তালিকায় বড় চমক হিসেবে নাম এসেছে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর। তিনি বিএনপির সাবেক হেভিওয়েট নেতা, সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এবং বরেণ্য আইনজীবী প্রয়াত অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা। পেশাগত জীবনে একজন সফল আইনজীবী হিসেবে পরিচিত জহরত আদিবকে ক্লিন ইমেজের তরুণ প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো সামনে নিয়ে এল বিএনপি। বাবার রাজনৈতিক উত্তরাধিকার ও তরুণ প্রজন্মের ভোটারদের কথা মাথায় রেখে তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।