সিলেটের গোলাপগঞ্জে ইটভর্তি একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার দুপুরে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকির আহমদ ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা সাকির আহমদ ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় ট্রাকচালকও আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাকির আহমদের মৃত্যু হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।