মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে কাপ্তান মার্কেটের পিয়ারা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনের দ্বিতীয় তলার ১১টি কক্ষের মালামাল ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে স্থানীয়ভাবে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে দাবি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কে অবস্থিত ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্বিতীয় তলার ১১টি কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও শমশেরনগর বিমান বাহিনী ইউনিটের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই কক্ষগুলোতে থাকা ভাড়াটিয়া হকারদের মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়।
বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর ইউনিটের স্কোয়াড্রন লিডার খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কমলগঞ্জ ফায়ার সার্ভিসকে সহযোগিতা করা হয়। দুই দলের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফয়েজ আহমদ বলেন, সকাল ১০টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। শমশেরনগর বিমান বাহিনী ইউনিটের ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।