সিলেটের জৈন্তাপুর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চা-পাতা ও আতশবাজি জাতীয় বিস্ফোরক উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) ও সিলেট জেলা পুলিশ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা বাড়ির মালিকসহ তিনজন পালিয়ে গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার হরিপুর (ফতেপুর) ইউনিয়নের ভেলুপাড়া গ্রামে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভেলুপাড়া গ্রামের নূরুল উল্লাহর বসতঘরের পূর্ব পাশের একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক নূরুল উল্লাহসহ দুই অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।
পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা বিপুল পরিমাণ চা-পাতা ও আতশবাজি জাতীয় বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে, পুরোনো প্লাস্টিকের ২২টি বস্তায় ১ হাজার ১০০ কেজি ভারতীয় চা-পাতা, দুটি বস্তায় ৫৫২ বাক্স ‘তুফান চকলেট বোমা’ এবং ১২ হাজার ১৫০ প্যাকেট ভারতীয় ‘অ্যাতিনি ৭ সিএম ইলেকট্রিক স্পার্কার্স’।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় পলাতক নূরুল উল্লাহ ও তাঁর অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা সব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।