মৌলভীবাজারের বড়লেখায় চারটি মামলায় মোট ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. আছকর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৬ নভেম্বর সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বড়লেখা থানা পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম।
গ্রেপ্তার আছকর আলী বড়লেখা থানার সায়পুর গ্রামের মৃত হাছন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আছকর আলীর বিরুদ্ধে চারটি মামলায় পৃথকভাবে ১ বছর, ১ বছর, ১ বছর ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড রয়েছে। চার মামলায় তার মোট কারাদণ্ডের পরিমাণ ৩ বছর ৬ মাস। পাশাপাশি তাকে মোট ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।