জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কৃষি খাতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান নিশ্চিত এবং কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সুনামগঞ্জ শহরের শাপলা উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহের অংশ হিসেবে দেশব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। হাউস, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, প্রান ও ফেড যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, কপ-৩১-এর প্রথম দিন ৯ নভেম্বর ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত থাকলেও আলোচনায় কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার, সময়সীমা কিংবা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও-ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের জলবায়ু অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। বিপরীতে এ খাত পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে কমে ১৯ শতাংশে নেমেছে।
আয়োজকেরা বলেন, স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিগুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুলে ধরাই এ প্রচারাভিযানের মূল লক্ষ্য। কৃষিকে শুধু কার্বন নিঃসরণ কমানোর খাত হিসেবে দেখলে চলবে না; খাদ্যের অধিকার, জলবায়ু অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের বিষয়গুলোও সমান গুরুত্ব দিতে হবে।
কর্মসূচি থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিনগুণ করার সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং চাহিদা অনুযায়ী কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করা। এ অর্থ ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণ নয়, অনুদান হিসেবে পৌঁছাতে হবে।
দ্বিতীয়ত, কৃষি ও খাদ্যনিরাপত্তা বিষয়ক শার্ম আল-শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী ধাপে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দিতে হবে এবং কৃষক ও কৃষিশ্রমিকের অধিকার স্বীকৃতি দিতে হবে। তৃতীয়ত, সৌর সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মালিকানা কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকদের হাতে নিশ্চিত করতে হবে। পাশাপাশি সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাঁদের সরাসরি প্রবেশাধিকার দিতে হবে। চতুর্থত, জাতীয় অভিযোজন পরিকল্পনা, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং কপ প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এসব দাবি আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরতে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতিও আহ্বান জানানো হয়।
হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, “কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।”
অবস্থান কর্মসূচিতে কৃষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, ফেড সুনামগঞ্জের সহসভাপতি নুরুল হাসান আতাহের, নারী নেত্রী শিল্পী বেগম, তৃষ্ণা আক্তার রুশনা, রিনা বেগম, কৃষক নেতা শরীফ আহমদ, কর্ণ বাবু দাস প্রমুখ।