হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নূর মোহাম্মদপুর দারুল ইসলাম রহমানিয়া কামিল মাদ্রাসায় সরকারি অনুদান বিতরণে অনিয়ম, জালিয়াতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা সরকারি অনুদানের অর্থ বিতরণে এসব অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসার প্রতিবেশী এ বি এম আশরাফ উদ্দিন মাসুদ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চুনারুঘাট মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে অনুদানের অর্থ বিতরণ, সুবিধাভোগীদের তালিকা ও নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
লিখিত বক্তব্যে আশরাফ উদ্দিন মাসুদ জানান, ২০২৫-২৬ অর্থবছরে মাদ্রাসার নামে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান খাত থেকে মোট ২৫ হাজার টাকা, দুজন শিক্ষক-কর্মচারীর নামে ৩০ হাজার টাকা এবং ১৪ জন শিক্ষার্থীর জন্য সোনালী ব্যাংকের মাধ্যমে মোট ১ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ ও বিতরণ করা হয়েছে। তবে এসব অর্থ বিতরণে অনিয়ম ও অসংগতি রয়েছে বলে তাঁর অভিযোগ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মাদ্রাসায় শিক্ষক-কর্মচারী হিসেবে কর্মরত না থাকলেও জিনিয়া আক্তারের নামে ১৫ হাজার টাকা অনুদান উত্তোলন করা হয়েছে। এ ছাড়া মাদ্রাসার আয়া হিসেবে পরিচিত শেফুল আক্তারের নামে ২৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ তোলেন তিনি। তবে শেফুল আক্তার গণমাধ্যমের প্রশ্নের জবাবে জানিয়েছেন, তিনি আহত হননি, এ ধরনের অনুদানের জন্য কোনো আবেদন করেননি এবং কোনো টাকাও পাননি। তাঁর নামে কীভাবে অনুদানের অর্থ উত্তোলন করা হয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
এ ছাড়া সাবিহা সাবরিন নামে ইবতেদায়ি তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর নামে অনুদান দেওয়া হলেও ওই শ্রেণিতে তাঁর শিক্ষার্থী পরিচয় নেই বলে অভিযোগ করা হয়। অনুদান বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ তুলে আশরাফ উদ্দিন মাসুদ বলেন, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু তাহের মুহাম্মদ সালেহ উদ্দিনের নাতি এবং আরবি বিষয়ের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ মুহাম্মদ খালেদের ছেলেসহ কয়েকজনের নামে অনুদান উত্তোলন করা হয়েছে। তাঁদের প্রকৃত শিক্ষার্থী পরিচয় ও অনুদান পাওয়ার যোগ্যতা যাচাইয়ের দাবি জানান তিনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে অনুদান পাওয়া সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে পুনরায় অনুদানের জন্য আবেদন করতে না পারার নির্দেশনা থাকা অবস্থায় উবাইদুল্লাহ ও মোছা. খাদিজা আক্তার নামে দুজন শিক্ষার্থীকে আবারও ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে অনলাইনে আবেদন করার নির্দেশনা থাকলেও সংশ্লিষ্ট আবেদনগুলো কার মাধ্যমে এবং কীভাবে সম্পন্ন হয়েছে, তা তদন্তের দাবি জানান অভিযোগকারী।
সংবাদ সম্মেলনে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু তাহের মুহাম্মদ সালেহ উদ্দিনের আপন ভাতিজা মারুফ হোসেনকে আলিম মাদ্রাসার নতুন সৃষ্ট ভাইস প্রিন্সিপাল পদে নিয়োগ দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার অভিযোগও তোলা হয়। নিয়োগ প্রক্রিয়ায় ক্ষমতার অপব্যবহার বা কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, তা তদন্তের দাবি জানান আশরাফ উদ্দিন মাসুদ।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, মাদ্রাসায় অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী থাকা সত্ত্বেও স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে অপেক্ষাকৃত সচ্ছল পরিবারের শিক্ষার্থীদের অনুদান দেওয়া হয়েছে। ফলে প্রকৃত অসহায় ও দরিদ্র শিক্ষার্থীরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি। এ ছাড়া ১৯৯৮-৯৯ সালে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রায় এক বছর বন্ধ থাকার বিষয়টিও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। ওই সময় শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাননি বলেও দাবি করেন অভিযোগকারী।
সংবাদ সম্মেলনে এ বি এম আশরাফ উদ্দিন মাসুদ ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—২০২৫-২৬ অর্থবছরে মাদ্রাসার নামে বরাদ্দ করা সব সরকারি অনুদানের আবেদন ও অনুমোদনপত্র যাচাই, অনুদানপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রকৃত পরিচয় এবং শ্রেণিভিত্তিক তালিকা তদন্ত, সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠানো অর্থের হিসাব ও উত্তোলনের তথ্য যাচাই, অনিয়মের মাধ্যমে অর্থ উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত, মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়া ও গভর্নিং বডির কার্যক্রম তদন্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও আত্মসাৎ করা সরকারি অর্থ পুনরুদ্ধার।
সংবাদ সম্মেলনে আশরাফ উদ্দিন মাসুদ বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করা তাঁর উদ্দেশ্য নয়। সরকারি অর্থ যেন প্রকৃত দরিদ্র, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় হয়, সেটিই তাঁর প্রত্যাশা। অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।