সুনামগঞ্জের ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ছাতক থানার ওসি (তদন্ত) ঝলক কুমার মোহন্ত, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল প্রমুখ।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দেশের উন্নয়ন ও রাজনৈতিক অঙ্গনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের অনেকেই বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে অবহিত নয়। তাই বিভিন্ন সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা এবং পাঠ্যসূচিতে দিবসটির ইতিহাস ও গুরুত্ব অন্তর্ভুক্ত করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে এ সম্পর্কে জানাতে হবে।
আলোচনা সভা শেষে উপজেলা মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ছাতক ও কৈতক হাসপাতালে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।