বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এতে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল হক, জেলা বিএনপির সদস্য মো. আকবর আলী, অ্যাডভোকেট শেরেনূর আলী, নাদীর আহমেদ, রেজাউল হক ও আ ত ম মিসবাহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমীন, সিনিয়র সহসভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক কালা চাঁন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্যসচিব জাহাঙ্গীর আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, সদস্যসচিব অ্যাডভোকেট দীপংঙ্কর বণিক সুজিত ও পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ যখন গভীর সংকটে নিমজ্জিত ছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জাতির নেতৃত্বে আসেন। দেশের উন্নয়ন, অগ্রযাত্রা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বক্তারা আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরবর্তী সময়ে তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তাঁর নেতৃত্বে দেশ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলে তাঁরা মন্তব্য করেন।
দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।