সারা দেশের মতো সিলেটের কানাইঘাটেও শুরু হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ উপলক্ষে কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড় পর্দায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়ামোদী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ নামে বৃহৎ জাতীয় ক্রীড়া কর্মসূচি গ্রহণ করেছেন, যা ২০২৭ সাল পর্যন্ত চলবে। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে সুপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা হবে। পাশাপাশি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং তাদের মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে রাখাও এ প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, কানাইঘাট উপজেলায় এ প্রতিযোগিতায় অংশ নিতে ২ হাজার ৬০ জন প্রতিযোগী নিবন্ধন করেছেন। ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে খেলা শুরু হয়েছে। পরবর্তী সময়ে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপ্নিল শুভ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব শহিদুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি হাজী জসিম উদ্দিন ও আলমাছ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালিক, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সহসভাপতি জালাল আহমদ জনি, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।
উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতা চারটি স্তরে অনুষ্ঠিত হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মেডেল, ট্রফি ও সনদপত্রের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা প্রতিভাবান খেলোয়াড়দের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দীর্ঘমেয়াদি উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানে তাদের পড়াশোনার সুযোগও থাকবে, যার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার।