সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন।
সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, এম এ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন মিঠুসহ অন্যান্যরা।
সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা এবং জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দিনের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। নতুন প্রজন্মের কাছে দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে হবে।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জগন্নাথপুরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সবাই দল-মত নির্বিশেষে দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।