প্রথম রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা আড়াইটায় উপজেলা কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে এবং সংস্থার সদস্যসচিব শহিদুর রহমানের সঞ্চালনায় সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার ফয়ছল আহমদ, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার নজরুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আমানুর রহমান চৌধুরী, ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আমীমুল এহসান শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও সাবেক কৃতী ফুটবলার কাওছার রশিদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি, আজাদ ইলেভেন স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাবেক সদস্য নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্যসচিব শফিক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আমিনুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি ও ধারাভাষ্যকার আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাসেল চৌধুরী, কানাইঘাট উপজেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কৃতী ফুটবলার এ এইচ বাবর এবং বাফুফে অনুমোদিত রেফারি ও সাবেক ফুটবলার জাকারিয়াসহ বিভিন্ন ফুটবল ক্লাবের সদস্যরা।
সভায় জানানো হয়, আগামী ১৩ নভেম্বর থেকে সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সিলেট স্টেডিয়ামে প্রথম রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। এতে সিলেটের প্রতিটি উপজেলা ফুটবল দল অংশ নেবে। কানাইঘাট উপজেলা ফুটবল দল গঠনের লক্ষ্যে মূলত এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় দল গঠনসহ বিভিন্ন বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব শহিদুর রহমান জানান, অতীতের সব ভেদাভেদ ভুলে এবার শক্তিশালী কানাইঘাট উপজেলা ফুটবল দল গঠন করা হবে। দল গঠনে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ থাকবে না।